জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম
মঙ্গলবার, ৩১ মে ২০১৬

দাদির মৃত্যুবার্ষিকীর মিলাদ-মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহেনা সহ পরিবারের অন্যান্য সদস্যরা মোনাজাত করছেন।
ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদি শেখ সায়েরা খাতুনের ৪১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৩১ মে) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
আরও উপস্থিত ছিলেন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী রুপন্তী ও পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি আওয়ামী লীগ নেতা এবং ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ সংসদ সদস্য, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারাও এতে যোগ দেন।
মিলাদ মাহফিলে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিসহ বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে।
