বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
শাহরিয়ার, চট্টগ্রামঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর মামলার রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ বহাল রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গনজাগরন মঞ্চ।
বুধবার সকাল সাড়ে ১০ টারদিকে গনজাগরন মঞ্চের মিছিলটি নগরীর চেরাগী পাহাড় থেকে আন্দরকিল্লা হয়ে পুনরায় চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করে গনজাগরন মঞ্চের নেতা- কর্মীরা।
সমাবেশ বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ।
গণজাগরণ মঞ্চের আহ্বায়ক চন্দন দাশ বলেন, ‘পাকিসন্তান সন্ত্রাসী ও জঙ্গির উর্বরভূমি রাষ্ট্র হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। আজ যখন আমাদের দেশে মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তখন তারা ওদের পাশে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। এদেশে অবস্থিত পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক।
চট্টগ্রাম গনজাগরন মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর এই নেতার মৃত্যুদন্ডাদেশ বহালের রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট।’
সমাবেশে বক্তারা জামায়াতের একাত্তরে গণহত্যার নেতৃত্বদানকারী ও ধর্ষক আল-বদর বাহিনীর এই শীর্ষ নেতার মৃত্যুদন্ডাদেশ বহালের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান।









