ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ
শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম

খেলা ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দল বদল প্রক্রিয়ায় থাকছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিই। বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এদিন ঢাকা প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবের কর্মকর্তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ঐ সভায় লিজেন্ডস অব রূপগঞ্জের কেউ উপস্থিত ছিলেন না। সভায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৪ মার্চ। গত আসর শুরু হয়েছিল ২০১৪ সালের নভেম্বরে। এই সভায় খেলোয়াড়দের নিলাম ( প্লেয়ার্স বাই চয়েজ) ১৫ থেকে ২৪ ফেব্রুয়ারি মধ্যে করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিসিডিএমের সদস্য সচিব রকিব হায়দার পাভেল এসব তথ্য জানান।
এর আগে ২০১২-১৩ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়িয়েছিল ৬ মাস বিলম্বের পর। অনেক দেন দরবারের পর ওই মৌসুমে প্লেয়ার্স বাই চয়েজ লটারি পদ্ধতিতে হয়েছিল ক্রিকেটারদের দলবদল। ক্রিকেটারদের পারিশ্রমিকে লাগাম টানতেই এ পদ্ধতি নিয়ে এসেছিল সিসিডিএম। যদিও ক্রিকেটাররা আগাগোড়াই এ পদ্ধতির বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেবার স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই গণমাধ্যমে বলেছিলেন, এবারই শেষ, আর হবে না প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলোয়াড়দের দলবদল। কিন্তু ঢাকার ক্লাব শাসিত ক্রিকেট কাঠামোর সামনে নাজমুল হাসান পাপনই অসহায়!
তাইতো আবারো কেড়ে নেয়া হল দল বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড়দের ক্ষমতা । গত আসরের আগে প্রথমবারের মতো প্লেয়ার্স বাই চয়েজ ভিত্তিতে খেলোয়াড় বাছাই করা হয়। বলা হয়েছিল এই এক আসরের জন্যই এই নিয়ম করা হয়েছে। কিন্তু সেটাই এখন ধারাবাহিক নিয়মে পরিণত হতে যাচ্ছে। ধরাবাধা পারিশ্রমিক নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাকিব-মাশরাফিদের।
তবে খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পারিশ্রমিক নির্ধারণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়ার ব্যাপারে অবশ্য কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। নিলাম হওয়ার তিন দিনের মধ্যে খেলোয়াড়দের অর্ধেক টাকা (৫০ ভাগ) পরিশোধ করতে হবে। এছাড়া বাকি পারিশ্রমিক বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা দিতে হবে।
এদিকে এবার থেকে বিদেশি খেলোয়াড় কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতবার একাদশে তিনজন বিদেশী খেলোয়াড় খেলানোর নিয়ম ছিল। কিন্তু এবার একজন কমিয়ে সেটা দু’জনে নামিয়ে আনা হয়েছে। আর লিগে প্রতিটি ক্লাব ৮ জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে।
উল্লেখ্য, ২০১২-১৩ মৌসুমে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে গ্রেডিং অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এমন; এ-প্লাস গ্রেড ২২ লাখ টাকা, এ গ্রেড ১৫ লাখ টাকা, বি-প্লাস গ্রেড ১০ লাখ টাকা, সি গ্রেড ৫ লাখ টাকা, ডি গ্রেড ২.৫ লাখ টাকা, ই গ্রেড ১ লাখ টাকা।









