রোববার, ০৩ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক : ভারতে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্তবর্তী এলাকায় আটক ২৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আবদুল হামিদ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার সীমান্তবর্তী বনগাঁও এলাকায় বিএসএফের হাতে আটক হয় এই ২৯ বাংলাদেশি। এদের মধ্যে ৪ শিশু, ৮ জন নারী এবং ১৭ জন পুরুষ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে বিজিবির কাছে ২৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় রাখা হয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র তাদের সীমান্ত পথে পাচার করে ভারতে নিয়ে গিয়েছিল।
বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।




