রোববার, ০৩ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে যারা সাধারন ছাত্রদের পক্ষে দাবি জানাচ্ছে এদের কেউই চট্টগ্রাম কলেজের ছাত্র নয় বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন মহানগর উত্তর শিবির সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারি সালাহউদ্দিন মাহমুদ।
বিবৃতিতে শিবির নেতারা বলেন, চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবির মুক্ত করার নামে ছাত্রলীগ বহিরাগত ও সশস্ত্র সন্ত্রাসী নিয়ে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় কলেজ প্রশাসনকে জিম্মী করার অপচেষ্টা চালাচ্ছে। তারা কলেজের ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে চট্টগ্রাম কলেজের সুদীর্ঘ ইতিহাসে অর্জিত সুনাম-সুখ্যাতির উপর কালিমা লেপন করেছে। তারা বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, টোকাই নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ক্লাস চলাকালীন সময়ে উচ্চস্বরে মাইক লাগিয়ে সভা-সমাবেশের মাধ্যমে কর্তৃপক্ষকে নানা হুমকি-ধমকি দিয়ে চাপ প্রয়োগ করছে। ক্লাস শুরুর পূর্বে কলেজে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কলেজের বৈধ ছাত্রদের দেহ, ব্যাগ তল্লাশী করলেও ছাত্রলীগের বহিরাগত অছাত্র ও সন্ত্রাসীদের বেলায় এর ব্যত্যয় ঘটিয়ে তার ঠিক উল্টো শিক্ষার পরিবেশ রক্ষায় সহযোগিতার নামে আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের তল্পিবাহক সেবাদাসের ভূমিকা পালন করেছে।
তারা বলেন, ছাত্রলীগ তাদের চিরাচরিত অভ্যাসের পরিচয় দিতে শরীরের রক্ত ঢালার নামে আগে থেকে পরিকল্পিতভাবে সরবরাহকৃত পশুর রক্ত দিয়ে ক্যাম্পাসকে কসাইখানা বানানোর অভিনব কায়দা অবলম্বন করেছে। এহেন ঘৃণ্য কাজের পাশাপাশি কলেজ প্রশাসনকে তোয়াক্কা না করে সাধারন ছাত্রদের শিবির আখ্যা দিয়ে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের আটক বাণিজ্যকে বৈধতা দিচ্ছে।
শিবির নেতারা বলেন, একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রশিবির চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ নিয়ে কোন রকম রাজনীতি করে না বরং কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করে আসছে। কলেজের শিক্ষক, কর্মচারী সরকারী নিয়োগ লাভের মাধ্যমে নিজস্ব দায়িত্ব পালন করে থাকে। এ অবস্থায় ছাত্রশিবিরের সাথে কলেজের শিক্ষক-কর্মচারীদের জড়ানো মিথ্যা, ভিত্তিহীন ও একেবারে উদ্দেশ্য প্রণোদিত।




