সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2016 11:06:13 PM Saturday।।
আইন ও অপরাধ বার্তা২৪ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা মামলার বাদীকে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে থাকেন। এ কারণে মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
শনিবার বিকেলে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণে কয়েকদিন পর চট্টগ্রাম থেকে আসা তদন্তকারী কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’
বাবুল আক্তারকে আটক কিংবা গ্রেফতারের প্রশ্নই আসে না বলেও এ সময় জানান পুলিশ প্রধান।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে তার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ।
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, পুলিশ সুপার বাবুল আক্তারকে তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড সম্পর্কে আরও জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাহমুদা হত্যার ঘটনায় ইতিমধ্যে যাদের আটক করা হয়েছে, তাদের ব্যাপারে তারা এখন নিশ্চিত (কনফিডেন্ট)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে বাবুল আক্তার বাসায় ফিরে আসেন।
এদিকে শনিবার সকালে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন জানান, ‘আইজিপি স্যার ডেকেছেন’ বলে শুক্রবার রাতে তার বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ।
প্রসঙ্গত, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এসপি পদে পদোন্নতি পাওয়ার আগে বাবুল আক্তার চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে বেশ কয়েকটি জঙ্গি বিরোধী অভিযানে নেতৃত্ব দেন। এ কারণে তার স্ত্রী হত্যায় জঙ্গিরা জড়িত থাকতে পারে- এমন ধারণাকে সামনে রেখে তদন্তে নামে পুলিশ।
এরপর গত ১২ জুন এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বদল করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে তদন্তভার দেওয়া হয়। এর আগে গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী রকিব উদ্দিন মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন।

