‘যাত্রী হয়রানির অভিযোগে’
নিজস্ব ডেস্ক । ৩ আগস্ট ২০১৬
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ‘যাত্রী হয়রানি সংক্রান্ত একটি অভিযোগে’ প্রধান নিরাপত্তা কর্মকর্তা ‘ইফতেখার জাহান’ কে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইফতেখার জাহানের পরিবর্তে সিভিল এভিয়েশনের একজন উপ-পরিচালক সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।’
বিভিন্ন কারণে সমালোচিত এই কর্মকর্তাকে সর্বশেষ গত ১৮ এপ্রিল দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সর্তক করে শাহজালালের ভ্রাম্যমান আদালত।
ওই সময় তার বিরুদ্ধে ‘যাত্রী হয়রানি সংক্রান্ত একটি অভিযোগের’ প্রাথমিক তদন্তে ভ্রাম্যমান আদালতকে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি প্রমান হয়। পরে তিনি ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তাকে সর্বোচ্চ সর্তক করেন।
এছাড়া ইফতেখার জাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৫ সালের ৯ এপ্রিল যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী ও পুত্রকে তিনি বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দিয়েছিলেন। সে সময়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুলও জারি করে হাইকোর্ট।






