সোমবার আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

রোববার, ২৭ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ডটকম

kledaডেস্ক সংবাদ : নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ রোববার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য জানান।

সানাউল্লা মিয়ার সহকারী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, বিএনপি চেয়ারপার্সনের হাতে ব্যথা থাকায় আগামীকাল সোমবার আদালতে হাজিরায় উপস্থিত থাকতে পারবেন না তিনি। পরবর্তী তারিখে তিনি অবশ্যই আদালতে হাজিরা দেবেন বলে আশা করছি।

এর আগে হাইকোর্টের নির্দেশে গত ৩০ নভেম্বর নাইকো দুর্নীতি মামলায় জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন খালেদা জিয়া। ওই দিন তার জামিন আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য ২৮ ডিসেম্বর দিন ধার্য করে আদালত। এরপর গত ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। আগামীকাল এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।

নাইকো দুর্নীতি মামলায় গত ৩০ নভেম্বর আদালতে হাজির হলেও গত ১০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না খালেদা জিয়া। তার অনুপস্থিতিতেই এই দুর্নীতি মামলার ৪ সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং নতুন এক সাক্ষীর সম্পূর্ণ ও মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর পরবর্তী তারিখ ধার্য করে আদেশ দেয় আদালত।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই দুর্নীতির এই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট, সেই সঙ্গে দেওয়া হয় রুল।

মামলা দায়ের কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ও বাতিল ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়।২০০৮ সালের ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা।

প্রায় সাত বছর পর চলতি বছর শুরুতে রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক। খালেদার আবেদনে রুলের ওপর শুনানি করে জুনে রায় দেয় হাইকোর্ট।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image