শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদন ডেস্ক : আজ থেকে শুরু নতুন বছর ২০১৬ সাল। গত বছরের মতো এইবছরেও বলিউডপ্রেমি দর্শক মাতবে নানা সিনেমার রঙে। বছরের শুরু থেকেই সিনেমা হলে আসতে শুরু করে দেবে সেই ছবিগুলো। কিন্তু তার মধ্যে এমন কিছু ছবি আছে যা নিয়ে দর্শকের প্রতীক্ষা আর উৎসাহের অন্ত নেই। পরিচালক, অভিনেতা আর গল্প মিলিয়ে সেগুলি অনায়াসে জায়গা করে নিতে পারে এবছরের ব্লকবাস্টার লিস্টে।
আসুন জেনে নেই ছবিগুলো সম্পর্কে-
ওয়াজির
আগামী ৭ জানুয়ারী নয় হবে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবির ট্রেলারে অ্যাকশনের আঁচ পাওয়া গেলেও অভিনেতা ফারহান আখতারের মতে ছবিটি ইমোশনাল ড্রামা, থ্রিলার নয়। বন্ধুত্বের গল্প ‘ওয়াজির’। তবে ছবির গল্প যাই হোক, অমিতাভ আর ফারহান জুটি দর্শকমনে প্রত্যাশা বাড়িয়েছে। ছবিতে আরো আছেন জন আব্রাহাম, নীল নীতেন মুকেশ ও অদিতি রাও হায়দরি।
এয়ারলিফট
অক্ষয় কুমারের বিপরীতে ছবিতে আছেন নিমরুত কওর। নতুন জুটির ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জানুয়ারি। অ্যাকশন ধাঁচের ছবিটি ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছে। ছবির বিষয়বস্তু যুদ্ধবিধ্বস্ত ইরাকে ভারতীয়দের অবস্থা। শোনা গেছে, ছবির জন্য নাকি পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার। চরিত্র দেখেই ছবি করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি।
ফিতুর
পরিচালক অভিষেক কাপুরের এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ। রোমান্টিক লাভস্টোরি ঘরানার ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি। অভিষেক কাপুরের ছবি অবশ্য গতানুগতিক ছবি থেকে একটু আলাদা হয়। তাই কাহিনি প্রেমের হলেও এই ছবি যে আরও কিছু দেখাবে, সে বিষয়ে নিশ্চিত দর্শকরা।
জাগ্গা জাসুস
এই ছবির মাধ্যমে আবারও বলিউডের রিয়েল কাপল রণবীর-ক্যাটরিনা দেখা দেবেন পর্দায়। ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাদের। ছবির পরিচালক অনুরাগ বসু। এই ছবি মুক্তির দিন অনেকবার পিছিয়েছে। তবে ধারণা করা যাচ্ছে আগামী ৩ জুন মুক্তি পাবে ছবিটি।
ফ্যান
এ বছর বলিউড বাদশাহ শাহরুখ খানের মোট দু’টি ছবি মুক্তি পাবে। একটি ‘রইস’, অন্যটি ‘ফ্যান। ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান এক ২৪ বছরের তরুণের চরিত্রে অভিনয় করছেন। দ্বৈত চরিত্র আরিয়ান ও গৌরবের ভূমিকায় দেখা যাবে তাকে। একজন সুপারস্টার, অন্যজন সেই সুপারস্টারের ফ্যান। ছবির নায়িকার ভূমিকায় থাকছেন ইলিয়েনা ডি ক্রুজ। ছবিতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের বাংলো মান্নাতের অন্দরমহলের বেশ কিছু চিত্র।
রইস
আগামী রোজার ঈদে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’। ছবিটির ট্রেলার বের হওয়ার পর থেকেই ‘রইস’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। শাহরুখ খানের ছবি বলে তো অবশ্যই, তার উপর শাহরুখ ট্রেলারে যেভাবে দেখা দিয়েছেন, তাতে ভক্তদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। প্রস্টিটিউশন, মাদকদ্রব্য ও ড্রাগ পাচারের মতো বিষয়ের উপর ভিত্তি করে ছবিটি বানিয়েছেন রাহুল ঢোলাকিয়া। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের।
সুলতান
সালমান খান মানেই ছবি হিট। আগামী ঈদে আসছেন তিনি ‘সুলতান’ নিয়ে। ছবিতে সালমানকে কুস্তিবিদের চরিত্রে দেখা যাবে। হরিয়ানার এক কুস্তিবিদের চরিত্রে অভিনয় করছেন সালমান।
মাহেঞ্জোদারো
মাহেঞ্জোদারো সভ্যতার সময়কার একটি গল্প নিয়ে ছবিটি বানাচ্ছেন আশুতোষ গোয়াড়িকর। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। তার বিপরীতে থাকছেন নবাগতা পূজা হেগড়ে। ছবিতে হৃতিককে অনেক স্টান্ট করতে দেখা যাবে। কুমিরের সঙ্গেও হৃতিকের একটি অ্যাকশন দৃশ্য আছে। বিশাল বাজেটের ছবিটি বানাতে মোট খরচ পড়েছে দশ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটি আগামী ১২ আগস্ট মুক্তি পাবে।
রেঙ্গুন
বিশাল ভারদ্বাজের এই ছবিটি আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে। এতে স্ক্রিন শেয়ার করবেন শহীদ কাপুর আর সাইফ আলি খান। ‘রেঙ্গুন’ নিয়ে দর্শকের উৎসাহ অনেক। কারিনা কাপুরের প্রাক্তন প্রেমিকের সঙ্গে বর্তমান স্বামীকে পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে আছে দর্শক। শহীদ ও সাইফের সঙ্গে ছবিতে থাকছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
অ্যায় দিল হ্যায় মুশকিল
রণবীর কাপুর, আনুশকা শর্মা আর ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত বিপুল প্রত্যাশিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। ‘বোম্বে ভেলভেট’ দিয়ে যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল রণবীর-আনুশকা জুটি, কিন্তু এই ছবি তার পুনরাবৃত্তি ঘটাবে না বলেই আশা করছে দর্শক। করণ জোহরের ছবি, তাই এই সিনেমার প্রতি দর্শক প্রত্যাশা প্রচুর।
দঙ্গল
‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। মহাবীর সিং পোঘাতের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছেন আমির। ছবির জন্য ৩০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। বছরশেষে আমিরকে এই রূপে দেখার জন্য অপেক্ষা করছে দর্শক। আগামী ২৩ ডিসেম্বর আসছে ছবিটি।





