ব্রেকিং নিউজ

‘নির্বাচন বেশ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে ‘: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

file (7) ২৯ এপ্রিল বুধবার ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, ঢাকা  : নির্বাচন বয়কট করার পরও এতো অল্প সময়ে বিএনপি সমর্থিত প্রার্থীরা এতো ভোট পেলো কি করে, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন সাক্ষাত করতে গেলে তিনি এ প্রশ্ন তোলেন।

এসময় তিনি নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে বলেন, এ বিজয় গণতন্ত্র ও গণমানুষের বিজয়। সন্ত্রাসের ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ জয়কে গণ রায় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর কাছে হাজার শোকর যে বিগত সরকারের আমলের মতো নির্বাচনী সহিংসতায় মানুষ মারা যায়নি এবং পূর্বের ৫টি সিটি নির্বাচনের মতো সহিংসতার ঘটনাও ঘটেনি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই নির্বাচন বেশ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে।’

তিনি ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রদের অভিনন্দন জানান ও একইসাথে সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তাদেরকেও অভিনন্দিত করেন।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন চলাকালে বেশ কিছু ছোট-খাটো ঘটনা ঘটেছে, আমরা অবশ্যই এগুলোর তদন্ত করবো এবং খতিয়ে দেখবো। ‘

তিনি বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন ৮টায় শুরু হওয়ার পর মাত্র ৪ ঘণ্টার মাঝেই তারা অনিয়ম কারচুপির কথা বলে নির্বাচন বর্জন করলেন। তাহলে তারা যে এতো বিপুল পরিমাণ ভোট পেলেন সেটা কিভাবে পেলেন? এতো অল্প সময়ে এতো ভোট তারা কিভাবে পেলেন?’