মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
জেলা সংবাদদাতা, সিটিজির্বাতা২৪ডটকম
মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে কবরস্থান দখল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী। এসময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। দখলকারী ও এলাকাবাসীর সংঘর্ষে লিয়াকত আলীসহ আহত হয়েছে আরো দুজন।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দখল করা স্থানটি গত ৬০/৭০ বছর ধরে এলাকায় গোরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রীর ভাই লিয়াকতের নেতৃত্বের শতাধিক সন্ত্রাসী রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে গোরস্থানের জায়গা দখল করতে আসে। তারা জুতা পায়ে কবরস্থানে ঢুকে পড়ে। ভেতর বিভিন্ন কবরের বেড়া তুলে একটি সাইনবোর্ডও লাগিয়ে দেয়। সাইনবোর্ডে লেখা রয়েছে সম্পত্তির মালিক তাপস কুমার দেব ও তপন কুমার দেব, পিতা- মৃত নলিনী কুমার দেব।

সাইনবোর্ড টাঙানোর খবর পেয়ে এলাকাবাসী এসে তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উত্তেজিত এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে সৈয়দ লিয়াকত আলীর ব্যবহৃত ভক্সি গাড়িটি (ঢাকা মেট্রো চ-১১-৭২২৯) ভাঙচুর করে ও হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হামলায় আহত সৈয়দ লিয়াকত আলীকে মৌলভীবাজার সদর হাসাপাতেল ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
কবরস্থান পরিচালনা কমিটির সদস্য আব্দুস শুকুর, আব্দুল কালাম ও লুৎফর রহমান, রাধানগরের জহুরা বেগম ও সামসুন নাহার বেগম সংবাদমাধ্যমকে জানান, কবরস্থানের ওই জায়গার নেপথ্যে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী। দুপুরে তার নেতৃত্বেই একদল সন্ত্রাসী রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে কবরস্থানের জায়গা দখল করতে আসে। আমাদের সঙ্গে এলাকার হিন্দুরাও দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এ ব্যাপারে জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রীর ভাই সৈয়দ লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমি দু’পক্ষের মরামারির ঘটনা শুনে রাধানগরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তখনই আমার ওপর হামলা ও আমার গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, রাধানগরের পরিস্থিতি এখন শান্ত। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘যেহেতু এটি গোরস্থানের জায়গা। তাই বিষয়টি স্পর্শকাতর। আমি দু’পক্ষকে আগামী ২১ জুন বেলা ১১টায় উপজেলায় আমার অফিসে এসে বৈধ কাগজপত্র দেখাতে বলেছি।’
Ctgbarta24.com 24 hours Online News Paper
