ব্রেকিং নিউজ

টেকনাফ সীমান্তে বিজিপির হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ

2_199195বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ ও অপর একজন নিখোঁজ রয়েছেন। কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান ঘটনার পর টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিপ্লবের মাথায় ও বাহুতে গুলি লেগেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফস্থ ৪২বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপি ফাঁড়ীর জওয়ানেরা দুইটি ট্রলারে নাফনদীতে টহলে যায়। এ সময় নাফ নদীর লালদিয়া নামক দ্বীপের কাছাকাছি একটি জেলে নৌকা তল্লাশি চালানোর সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের (বর্ডার গার্ড পুলিশ) বিজিপি সদস্যরা বিজিবি টহলদলের ওপর গুলিবর্ষণ করে। এ সময় টহল নৌকায় থাকা বিপ্লব (২১) নামে বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হয়।

এদিকে এ ঘটনায় রাজ্জাক নামে অপর এক জওয়ান নিখোঁজ রয়েছে। তাকে বিজিপি অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।

টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি ট্রলারে বিজিবির ছয় সদস্য নাফ নদীতে টহলরত অবস্থায় অতর্কিতে হামলার এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষে প্রায় ২০/২৫ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় অপহৃত বিজিবি সদস্য রাজ্জাককে ফিরিয়ে আনতে এবং ঘটনার ব্যাপারে আলোচনার জন্য মিয়ানমার বিজেপিকে চিঠি দেয়া হয়েছে। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।