ব্রেকিং নিউজ

মাদক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা বলছেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম , ঢাকা ঃ                                                                                                          image_219204.yeba মাদকের একটি বড় চালানসহ সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা আটক হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাদক চোরাচালানে জড়িয়ে পড়া দেশের সার্বিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।

এক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলছেন বিশেষজ্ঞরা।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কার। পরে ধাওয়া করে গাড়িটি আটক করে র‌্যাব। আর এতেই বেড়িয়ে আসে থলের বিড়াল।

৬ লাখ ৭০ হাজার ইয়াবা, ইয়াবা বিক্রির সাত লাখ টাকাসহ আটক হন পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক। এই ঘটনায় আরো কয়েক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে র‌্যাব।

রক্ষকের ভক্ষক হওয়ার এমন ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এধরনের পরিস্থিতি সার্বিক আইনশৃঙ্খলা বাহিনীর উপর প্রভার ফেলবে বলে আশঙ্কা তাদের।

আইন ও সালিশ কেন্দ্র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘তারা অনেক বেশি দায়িত্ব প্রাপ্ত হয় সমাজের নীতি নৈতিকতা রক্ষা করার জন্য। যদি এরা কোনভাবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করে দেয় যে তারা কোন অপরাধ করলে সেটার কোন জবাবদিহি করতে হবে না তাহলে সমাজের নৈতিক কাঠামোর উপর বিরাট আঘাত করে।’

এর আগেও এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াকেই এর জন্য দুষছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল হওয়া জরুরি বলে মত দেন সাবেক ডিআইজি আব্দুর রহিম।

তিনি বলেন, ‘বিশেষ ট্রাইব্যুনালে ট্রায়াল দিয়ে সংক্ষিপ্ত সময়ে এদের যদি কঠিন বিচার মানুষ দেখে তাহলে এটা সমাধান করা সম্ভব।’

এদিকে, অভিযুক্ত এই পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার কথা জানালেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ আইনের রক্ষক হিসেবে পরিচিত। সেক্ষেত্রে অপরাধ প্রক্রিয়ায় কেউ জরিয়ে গেলে সাধারণভাবে জনমনে একধরনের অনাস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।’

এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, মাদক পাচারের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িয়ে যাওয়া ঘটনা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।