সোমবার, ২১ মার্চ ২০১৬ ১৮:১৫ ঘন্টা
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী মো. মোজাম্মেল হককে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। সোমবার বেলা একটার দিকে ভাটিয়ারি হাটহাজারী লিং রোডের ৩ নম্বর বাজারস্থ ক্যাফে ২৪-এর পাকিং এরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লা সাংবাদিকদের জানান, ক্যাফে ২৪-এর পার্কিং এরিয়ার সামনে কিছু ইয়াবা ব্যবসায়ী ইয়াবা বেচাকেনা করতে জড়ো হয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাবের একটি দল ওই জায়গা থেকে কক্সবাজারের উখিয়া থানার রত্নাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার মো. রফিক উদ্দিনের ছেলে মোজাম্মেলকে গ্রেফতার করে।
এ সময় তার ডান হাতে থাকা লাল-কফি রঙের শপিং ব্যাগে রাথা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দ করা ইয়াবা সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এএসপি আমিরুল্লাহ।

