সোমবার, ২৫ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে এম – ১৬ রাইফেল ও ৫টি বিভিন্ন অস্ত্র, গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম আবদুর রশীদ প্রকাশ রইস্যা ডাকাত।রইস্যা ডাকাত রাউজান থানা পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়া এলাকার বদরুস মেহেরের পুত্র।
গত শুক্রবার রাতে পুলিশ রাউজানের নোয়াপাড়া পথের হাট এলাকা থেকে রশীদকে গ্রেফতার করে। রবিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের সম্মেলন কক্ষে রইস্যাকে গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে অনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
এসময় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশ রইস্যা ডাকাতের নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়া এলাকার ঘর থেকে এম-১৬ রাইফেল, একশত ১ রাউন্ড এম- ১৬ রাইফেলের গুলি, দুটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
তিনি জানান, গ্রেফতারকৃত রশীদ ডাকাত রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের সহযোগী, রইস্যা ও তার সহযোগীরা গত ২০১৩ সালের ১৫ আগস্ট রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট এলাকায় যুবলীগ নেতা মোবারককে গুলি করে হত্যা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাউজান ও সাতকানিয়া থানায় রইস্যার নামে হত্যা, ডাকাতি, চান্দগাঁও ও সাতকানিয়া থানায় ডাকাতি মামলাসহ ছয়টি মামলা রয়েছে ।
