প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিরাপত্তা কর্মকর্তার টেবিলের কাচ ও দরজার কাচ ভাঙচুরের ঘটনায় দুঃখ ও বিশ্ময় প্রকাশ করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
বুধবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে লালদীঘির মাঠে নাগরিক মঞ্চের জনসভায় যোগদানের জন্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল সহকারে জমায়েত হয়। সেখানে ছাত্রলীগের অতি উৎসাহী কিছু নেতাকর্মী স্লোগান দিতে থাকলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। ওই সময় ছাত্রলীগ কর্মীরা তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে, এমতাবস্থায় তিনি (ইমু) উপস্থিত থেকে কর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরিস্থিতি শান্তও করেন।
কিন্তু এ তুচ্ছ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তার নাম জড়িয়ে ফেলা হয়েছে। তিনি এ ঘটনায় বিস্মিত ও মর্মাহত হয়েছেন।
বিবৃতিতে ইমু বলেন, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতাকে ছাত্রলীগ নেতৃত্ব প্রশ্রয় দেন না। নিরাপত্তাকর্মী, কর্মচারী ও ছাত্রলীগ কর্মীদের মাঝে কেউ যদি অতি উৎসাহী হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন এবং তার নাম জড়িত করার ঘটনা অনাকাকঙ্ক্ষিত ও দুঃখজনক।
তিনি বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো কর্মীর জড়িত থাকার প্রমাণ থাকলে তিনি নিজ দায়িত্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে ঘটনায় কোনো নিরাপত্তা কর্মচারীর অতি উৎসাহী মনোভাব ছিল কি না? কেউ ঘটনাকে অতিরঞ্জন করেছে কি না তা-ও খতিয়ে দেখার প্রয়োজন।
তিনি এ ঘটনার জন্য ব্যক্তিগতভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে আসল ঘটনা পত্রিকায় প্রকাশের অনুরোধ জানান।

