সোমবার, ০২ মে এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ডেস্ক সংবাদ : বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আজ বলেছেন, তার ভাষায় বিএনপি গুম-খুন করে ‘চোরাই পথে’ ক্ষমতায় যেতে চায় না।
ঢাকায় আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবসে এক দলীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না।
বাংলাদেশে গত কিছুদিনের মধ্যে কয়েকটি হত্যাকান্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমকামীদের পত্রিকা ‘রূপবান’ সম্পাদকসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্রধারীদের একই রকম হামলায় খুন হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রতিক্রিয়ায় এসব গুপ্তহত্যার জন্য বিএনপি-জামাত জোটকেই দায়ী করেন। এর পর ক্ষমতাসীন দলের অন্যান্য নেতারাও একই ধরণের কথা বলেন।
আজ এই বক্তব্যের মধ্যে দিয়ে খালেদা জিয়া এর একটা জবাব দিতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে।
খালেদা জিয়া বরং পাল্টা অভিযোগ করেন যে আ্ওয়ামী লীগই ‘চোরাই পথে’ ক্ষমতায় গেছে, এবং সারা জীবন ক্ষমতায় থেকে যাবার চক্রান্ত করছে।
খালেদা জিয়া আরো বলেন, একের পর এক খুন হচ্ছে কিন্তু খুনীরা ধরা পড়ছে না- এর কারণ হচ্ছে খুনীরা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এবং এ জন্যেই তাদের ধরা হচ্ছে না।
ওদিকে মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আজ পৃথক এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।
সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতাসীন থাকার সময় শ্রমিকরা হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে।
