শনিবার, ০৭ মে ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
কুমিল্লা : চতুর্থ পর্যায়ে দেশের ৪৭ জেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন। ফেনীর দু’টি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত হন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ জন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
একই উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদেও ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঘোপাল ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক আহত হয়েছেন। লক্ষ্মীপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
