২২ নভেম্বর, রবিবার, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ফরিদপুর ঃ জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহ ফরিদপুরের খাবাসপুরে তার নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে তার মরদেহবাহী গাড়ির বহরটি সেখানে পৌঁছায়।
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মুজাহিদের বাড়ির পাশে তার বাবার নামে স্থাপিত মাওলানা আব্দুল আলী ফাউন্ডেশন চত্বরে জানাজার পর সেখানেই দাফন সম্পন্ন হবে।
এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে মুজাহিদের মরদেহ ফরিদপুর-রাজবাড়ী সীমান্ত বসন্তপুর সাইনবোর্ড এলাকায় গ্রহণ করে ফরিদপুর জেলা প্রশাসন। রাজবাড়ী জেলা প্রশাসনের কাছ থেকে মরদেহটি গ্রহণ করেন ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুলিশ, আর্ডম পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়ান্দা রয়েছেন তৎপর। শহরে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
মুজাহিদের বাড়ি ও এর আশপাশের এলাকায় রয়েছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। মূল সড়ক থেকে মুজাহিদের বাড়ি প্রবেশের সংযোগ সড়কের সম্মুখেই রয়েছে পুলিশের শক্ত অবস্থান। সেখানে সাধারণের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।
এদিকে ফাঁসির পর সকল কার্যক্রম শেষ করে রাত ২টা ৫৩ মিনিটে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়। এরপর পুলিশ ও র্যাবের পাহারায় মুজাহিদের মরদেহ তার নিজ এলাকা ফরিদপুরের দিকে যাত্রা করে। একই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ নিয়ে চট্টগ্রামেরর রাওজানের উদ্দেশে রওনা করে অপর একটি গাড়িবহর।
এর আগে রাত ১২টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
