রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
দিদার, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ একাত্তরের যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর লাশ যাতে করে চট্টগ্রামে দাফন করতে না পারে, সেইলক্ষ্যে সাকার লাশ প্রতিরোধে রাউজান উপজেলার প্রবেশ পথসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা। মধ্যরাতেই উপজেলার মোড়ে মোড়ে মাইকে বাজছে বঙ্গবন্ধুর ভাষণ, দেশের গান।
এর আগে বৃহস্পতিবার সাকার লাশ রাউজানে দাফন করতে দেয়া হবে না বলে সংবাদমাধ্যম’কে জানিয়েছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। পরে শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বহন করে নিয়ে যেতে দেয়া হবেনা বলে ঘোষণা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এদিকে রাউজানের প্রবেশপথ সাত্তার ঘাট, মদুনাঘাট, নোয়াপাড়া, গহিরা, পূর্বমেখল, পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে সরজমিনে ঘুরে দেখা গেছে, শনিবার দুপুর থেকে মোড়ে মোড়ে মাইকে বাজছে বঙ্গবন্ধুর ভাষণ, আবার কখনো দেশাত্ববোধক গান। শত শত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা সাকার লাশ প্রতিরোধে অবস্থান নিয়েছেন বিভিন্ন পয়েন্টে।
রাতে সাকার মরদেহ প্রতিহতকারীরা সড়ক থেকে সরে গেলেও তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও রাউজানের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
এদিকে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাকার মরদেহ পরিবহন নির্বিঘ্ন করতে রাত সাড়ে ১০টার পর থেকে চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারী হয়ে রাউজান পর্যন্ত বিপুল সংখ্যক র্যাব-পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে। সাকার মরদেহ যাতে কোনো বাঁধার মুখে না পড়ে সেজন্য সড়কে কাউকে অবস্থান করতে দেয়া হবেনা বলেও জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
তিনি রাতে সাংবাদিকদের বলেন, ‘সালাউদ্দিন কাদেরের মরদেহ যাতে অবাধে তার গ্রামের বাড়িতে পৌঁছে সেজন্য পুলিশের পক্ষ থেকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। রাত সাড়ে ১০টার পর থেকেই পুরো সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। সড়কে দাঁড়িয়ে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।’
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
