মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না মিয়ানমার সরকার। দেশটির সামরিক মদদপুষ্ট সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র ও তথ্যমন্ত্রী জানিয়েছেন, দেশটির সরকার রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়কে নাগরিকত্বের অধিকার দেবে না।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। রোহিঙ্গা শব্দটিই সামগ্রিক ভাবে মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করে বলেও এতে উল্লেখ করেছেন তিনি।জাতিসংঘের সদস্য দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার কাজে নিয়োজিত ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ’র আহ্বানের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
মিয়ানমারের প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানকে দেশটির সরকার সে দেশের নাগরিক বলে স্বীকার করে না। গত কয়েক বছর ধরে উগ্রবাদী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর চরম হত্যা ও নির্যাতন চালাচ্ছে। এ কাজে মিয়ানমার সরকারের প্রকাশ্যে মদদ রয়েছে।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নির্যাতিত জাতি বলেছে জাতিসংঘ। ১৯৪৮ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই উগ্র বৌদ্ধদের হামলার শিকার হচ্ছে তারা।
অবশ্য ২০১২ সাল থেকে রোহিঙ্গা মুসলমানদের অবস্থার নাটকীয় অবনতি হতে শুরু করে। উগ্র বৌদ্ধদের হামলার কারণে এ পর্যন্ত লাখ লাখ রোহিঙ্গা মুসলমান দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এ ছাড়া, অনেকেই শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন।
তথ্যমন্ত্রী জানিয়েছেন, রাখাইন রাজ্যের ভেতরে যেসব বাঙ্গালি আছে, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের আওতায় আসলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে যারা ১৯৮২ সালের আইনের আওতায় আসবে না তাদের নাগরিকত্ব দেওয়া হবে না।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন