মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়াতে ভন্ড কবিরাজের হাতে নিহত শিশু আতিক উল্লাহ চৌধুরী আফিপের (৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসূন কুমার চক্তবর্তীর উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসূন কুমার চক্তবর্তী হাটহাজারী থানার ওসি ইসমাইল, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুল হালিম, এস আই আনিছ, ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন প্রমুখ।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার এসআই আবদুল হালিম বলেন, ‘আফিপ নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) আফিপকে দাফন করা হলেও, তার মা রোজী আক্তার বাদি হয়ে ৯ নভেম্বর মামলা দায়ের করেন। মামলার প্রয়োজনে নিহতের ময়নাতদন্ত প্রয়োজন। তাই আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হলো। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, ভন্ড কবিরাজের হাতে শিশু নিহতের খবরটি প্রকাশিত হওয়ার পর শিশু হত্যার দায়ে অভিযুক্ত রুজি আক্তার ওরফে বাছুকে (৩০) ১০ নভেম্বর গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
