নিজামীর আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে

বুধবার, ২৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

nizamiনিউজ ডেস্ক :  মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের ৬ষ্ঠ দিনের মতো শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ শুনানি শুরু হয়।

সকাল থেকে আসামিপক্ষে শুনানি করছেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান। এর আগেও গত ১৭, ১৯, ২৩ ও ২৪ নভেম্বর আদালতে এ মামলার  শুনানি করেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এরপর ধারাবাহিকভাবে আজ ৬ষ্ঠ দিনের মতো চলছে নিজামির মামলার শুনানি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা দেন।

এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline