বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক : ধর্ষণ মামলায় অভিযুক্ত ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ছাত্রীকে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন শিক্ষক পরিমল জয়ধর। ওই সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুন ফের ধর্ষণ করেন পরিমল।
পরে ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।
মামলা দায়ের করার দু’দিন পর ২০১১ সালের ৭ জুলাই ভোররাতে কেরানিগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে পরিমলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
২০১২ সালের ৭ মার্চ মামলাটিতে আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিমল জয়ধর কারাগারে রয়েছেন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন