বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্টস ডেস্ক : বিপিএলের সপ্তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ১৭৬ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের রংপুর। এই রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১০৭ রানে অলআউট হয় কুমার সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস। ফলে ৬৯ রানের দারুণ এক জয় পায় রংপুর রাইডার্স।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা ডাইনামাইটসের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। ঢাকার মুস্তাফিজুর রহমান ১ রানে অপরাজিত থাকেন। আউট হন নাসির জামশেদ (১১), শামসুর রহমান (২), মোসাদ্দেক হোসেন (৩), কুমার সাঙ্গাকারা (২৯), রায়ান টেন ডেসকাট (৮), আবুল হাসান (১১), ফরহাদ রেজা (১), নাসির হোসেন (১৫), ইয়াসির শাহ (১২) ও মোশাররফ হোসেন (৩)।
বল হাতে ঢাকার বিপক্ষে তাণ্ডব চালান সাকিব আল হাসান। তিনি ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। থিসারা পারেরা ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর আরাফাত সানী ১৫ রানে নিয়েছেন ২টি উইকেট। বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ২৫ রান করে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।
এর আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লেন্ডল সিমন্স। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। এ ছাড়া মোহাম্মদ মিথুন ৩৪, থিসারা পেরেরা ২৭ ও সৌম্য সরকার ১৮ রান করেন। আর অধিনায়ক সাকিব আল হাসান ১৫ বলে ৩ চারের সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন।
ঢাকার পক্ষে পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার ইয়াসির আলী ২টি করে উইকেট নেন। আবুল হাসান রাজু ও মোশাররফ হোসেনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
ঢাকা নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করে। আর রংপুর নিজেদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরে যায়। তবে আজ জয় তুলে নিয়েছে সাকিব বাহিনী।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন