Saturday,16 Sep 2017
Ctgbarta24.com
মিসরে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার ৩ সহযোগীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে দেশটির আপিল আদালত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য কাতারের কাছে পাচারের অভিযোগে আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট মুরসি ও ৩ সহযোগির বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত মামলায় অন্যান্য অভিযুক্তদেরও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরআগে ২০১৬ সালের ১ জুলাইয়ে কায়রোর ফৌজদারি আদালত মুরসিকে ৪০ বছরের কারাদণ্ডসহ অন্যান্য ৬ অভিযুক্তকে মৃত্যুদণ্ডের রায় দেয়। যদিও সকল অভিযুক্ত ব্যক্তি আদালতের এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে, ভিন্নদেশে গোয়েন্দা তথ্য পাচার, নিষিদ্ধঘোষিত দলের (ইখওয়ান ও হামাস) সাথে সম্পৃক্ত হওয়া এবং পরিচালনা করা ইত্যাদি ।
কায়রোর ফৌজদারি আদালতের এ রায় প্রকাশিত হলে কাতার তীব্র নিন্দা জানায় এবং প্রত্যাখান করে এ রায়কে সম্পূর্ণ ন্যয় ও বাস্তবতা বিরোধী বলে আখ্যায়িত করে। অন্যদিকে মিসর সরকার আদালতকে সমর্থন জানায়।
কাতার এবং হামাসের কাছে গোয়েন্দাতথ্য পাচার করার অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেয়।
উল্লেখ্য, এই রায়ের আগেও অন্য এক মামলায় মুরসিকে ২০ বছর কারাদণ্ডের চূড়ান্ত রায় দেওয়া হয়। অভিযোগ করা হয়, মুরসি প্রেসিডেন্ট থাকাকালে প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীদের হত্যায় জড়িত। সূত্র : আল-জাজিরা ।









