বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : ঢাকা ও ঢাকার বাইরের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সকার লিগ বিএসএলের ম্যাচ। কিন্তু অয়োজকদের দুশ্চিন্তা জেলা শহরের স্টেডিয়ামগুলোর আন্তর্জাতিক মান নিয়ে। আসন সুবিধাসহ অধিকাংশ স্টেডিয়ামেই নেই পর্যাপ্ত আলোক ব্যবস্থা।
তবে বিএসএল শুরুর আগেই স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের ফুটবলের একমাত্র ভরসা বঙ্গবন্ধু স্টেডিয়াম। ঘরোয়া লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের সব ম্যাচেরই যেন ঠিকানা একটাই। যার জন্য অনেকটা একঘেয়েমি ছিল দর্শক মহলেও। তাই দর্শক উপস্থিতির বিষয়টি বিবেচনায় এনে বিএসএলের তিনটি ভেন্যু রাখা হয়েছে ঢাকার বাইরে।
বাংলাদেশ সকার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে। যেখানে ফ্র্যাঞ্চাইজি গুলো নিতে পারবে হোম অ্যডভান্টেজ। যে বিষয়টি লিগের সৌন্দর্য বাড়ালেও, আয়োজকদের দুশ্চিন্তা ঢাকার বাইরের স্টেডিয়ামগুলোর আন্তর্জাতিক মান নিয়ে!
এদিকে স্টেডিয়ামের অপ্রতুলতার কথা জানা আছে সরকারেরও। তবে বিএসএল সফল করতে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ সকার লিগে নিজ বিভাগ খুলনার হয়ে দল নিতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান সালাম মূর্শেদী। এছাড়াও আলোচনা হচ্ছে আরিফ খান জয়ের ময়মনসিংহ বিভাগীয় দল নিয়েও।










