প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০১৪
সিটিজি বারতা২৪ডটকম,ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম কর্মী ও বিচারকসহ কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এমনকি পার্লামেন্ট মেম্বার, আমলারাও জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন তা হয় না। গণতন্ত্র ও আইনের শাসনে বিচারপতি, গণমাধ্যম কর্মী, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে।
শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জাসদ-এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে দলের সিনিয় সহ সভাপতি তারেক রহমানকে উদ্দেশ করে হাসানুল হক ইনু বলেন, যখন জবাবদিহিতার কথা বলছি তখন মা ছেলের গাত্র জ্বালা শুরু হয়েছে। আমার জানি জবাবদিহিতার প্রশ্ন উঠলে থলের বিড়াল বেরিয়ে আসবে। আমরা যখনই বিচারের কথা বলি, যখনই জবাবদিহিতার কথা বলি তখনই আপনারা মায়া কান্না তুলেন।
মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল এর পরিচালনায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, কেন্দ্রীয় নেতা শফি উদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেসার আহমেদ, সিলেট জেলা জাসদের সভাপতি কলন্দর আলী ও হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি মো. ফিরোজ মিয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ আহমদ।
এর আগে পৌরসভা মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলেেনর মাধ্যমে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়। দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের চার জেলার কয়েক হাজার নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে অংশ গ্রহণ করে।
Ctgbarta24.com 24 hours Online News Paper