রোববার, ১২ এপ্রিল, ২০১৫
জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪.কম
শেরপুর ঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে শেরপুরে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।
ভোর চারটার দিকে কামারুজ্জামানের লাশবাহী গাড়িবহর তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়ায় পৌঁছায়। এসময় আইন-শৃংখলা রক্ষাকারীর বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও কামারুজ্জামানের আত্মীয় স্বজনসহ মোট ১৪টি গাড়ি ঢাকা থেকে শেরপুর জেলা শহর হয়ে বাজিতখিলা বাজারে পৌঁছে। পরে সেখানে মিডিয়া কর্মীদের থামিয়ে দিয়ে লাশের গাড়ি চলে যায় এক কিলোমিটার দুরে মুদিপাড়া বাজিতখিলা এতিমখানার সামনে। কোনও মিডিয়া কর্মীদের ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি।
তবে কামারুজ্জামানের পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর রাত ৪ টা ৫০ মিনিটে মাদরাসা প্রাঙ্গনে ফজরের আযানের আগেই কেবলমাত্র কামারুজ্জামানের আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই জানাজা পড়ানো হয়। জানাজার নামাজ পড়ান কামারুজ্জামানের বোনের মেয়ের জামাই এবং ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ। এরপর ভোর ৫ টায় ওই এতিমখানার সামনে পূর্ব নির্ধারিত স্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে, শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। এরপর রাত ১১টা ৪০ মিনিটে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে তার লাশ বের করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় অ্যাম্বুলেন্স শেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper
