১৩ এপ্রিল সোমবার ২০১৫, নাদিয়া ডালিয়া, সিটিজি বার্তা ২৪.কম, চট্টগ্রাম : দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে নানা আয়োজনে বরণ করে নিতে বন্দরনগরী চট্টগ্রামেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেলা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
এদিকে, মঙ্গল শোভাযাত্রাসহ বর্ষবরণের নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলার শিক্ষার্থীরাও।
নির্বাচনী আমেজের মাঝে এবার বাংলা নতুন বছরকে বরণ করবে বন্দরনগরী চট্টগ্রাম। রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় বৈশাখ বরণে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বরাবরের মতো ডিসি হিলের শ্যামল ছায়ায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় ও বরণের সবচেয়ে বড় আয়োজন। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। চলছে মঞ্চসজ্জার কাজ। এবার ৯৫টি সাংস্কৃতিক সংগঠন ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নিবে।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘আমরা ভোর সাড়ে ৬টায় ওস্তাদ আজিজ ইসলামর বাঁশি দিয়ে বর্ষবরণ শুরু করবো।’
এদিকে গ্রামীণ ঐতিহ্যে তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন প্রতীক ও মুখোশে রং লাগানোসহ বর্ষবরণের শেষ মুহূর্তের আয়োজনে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সেখানকার শিক্ষার্থীরা বলেন, ‘এবার আমাদের একটি স্লোগান হলো, শত অন্ধকারের মাঝে আলো জ্বলুক।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক সৌমেন কান্তি দাশ বলেন, ‘বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের এ আয়োজন।’
সিআরবিতে এবার রমনা বটমূলের আদলে স্থায়ী মঞ্চে হবে বর্ষবরণের অনুষ্ঠান। চট্টগ্রামের আঞ্চলিক এবং দেশীয় লোকজ গানের পাশাপাশি এখানে থাকবে বলীখেলা ও গ্রামীণ মেলা।
নববর্ষ উদযাপন পরিষদ সহ-সভাপতি কামরুল হাসান বাদল বলেন, ‘দেশীয় লোকজ বিষয়গুলোর পাশাপাশি দিনব্যাপী আমাদের নানা আয়োজন থাকবে।’
এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে নাশকতারোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। আয়োজকদেরকেও বলা আছে, তারা যেন নিজস্ব ভলান্টিয়ার রাখেন।’
এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত,কর্ণফুলীর তীর, শিল্পকলা একাডেমী, শহীদ মিনার প্রাঙ্গণে বড় আয়োজনের সাথে নগরজুড়ে বিভিন্ন স্থানে হবে বর্ষবরণের অনুষ্ঠান। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যাল গুলোতে ও অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper