ব্রেকিং নিউজ

সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অর্থমন্ত্রীর যে আক্ষেপ…

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

বুর‍্যো চীফ, সিটিজিবার্তা২৪.কম

MOHIT

সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। দেশে বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব ঘটছে। নতুন নতুন প্রযুক্তি প্রতিনিয়তই আমরা আয়ত্ব করছি। প্রকৃতপক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া দ্রুত এগিয়ে যাওয়া সম্ভবও নয়।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, প্রযুক্তির অনুসন্ধান আমাদের গুণগত পরিবর্তন নিয়ে এসেছে। ধাপে ধাপে আমরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে এগিয়ে যাচ্ছি।

মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, দেশে আগের তুলনায় বর্তমানে বিজ্ঞান নিয়ে পড়াশুনার হার কমে গেছে। এটা দেশের জন্য অশনিসংকেত। এ থেকে রক্ষা পাওয়ার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় মনোনিবেশ করতে হবে। এ ধরনের বিজ্ঞানভিত্তিক মেলা নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আকৃষ্ট করে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, রূপালী ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ড. আহমদ আল কবির প্রমুখ।

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত দুই দিনব্যাপি এই মেলা চলবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। মেলায় সিলেট বিভাগের ৪০টি স্কুল ও কলেজ অংশ নিয়েছে।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনের পর অর্থমন্ত্রী সিলেট নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের স্টাফ কোয়ার্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারও পরে তিনি নগরীর কোর্ট পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় সিলেট জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

About admin