দুদিনের সফরে শনিবার ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই মোদির প্রথম বাংলাদেশ সফর। মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা। বিমান বন্দর থেকে হোটেল সোনারগা পর্যন্ত রাস্তার দু ধারে ব্যানার ফেস্টুন দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে। সরকার নিরাপত্তার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
বাংলাদেশে ৩৬ ঘন্টা অবস্থানকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী।
ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। মোদি ঢাকায় বুলেটপ্রুফ একটি গাড়িতে চড়বেন, যা নয়াদিল্লি থেকে ঢাকায় এসে পৌছেছে। ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির নিরাপত্তায় সামনে ও পেছনে থাকবে এসপিজির (ভারতের নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপ) কয়েকটি বিশেষ গাড়ি। এটিও ভারত থেকে ঢাকায় এসে পৌছেছে।
নয়াদিল্লি থেকে বিশেষ চার্টার বিমানে চড়ে শনিবার সকালে ঢাকায় নামবেন মোদি।সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় তাকে স্বশস্ত্র অভ্যর্থনা জানান হবে। এরপর বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন নরেন্দ্র মোদি।
বিমানবন্দর থেকে ১১টা ১৫ মিনিটে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দিবেন মোদী। সেখানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন গৃহায়ন ও পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম মোজাম্মেল হক।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদি এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন ও মন্তব্য খাতায় অনুভূতি ব্যক্ত করবেন। এ সময় সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৃক্ষরোপণ করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদি শনিবার ১২টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতি সৌধ থেকে ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে দুপুর ১টা ২৫ মিনিটে নরেন্দ্র মোদি বিশ্রামের জন্য তারকা খচিত অভিজাত আবাসিক হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দিবেন।
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুপুর ৩টা ৩০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে নরেন্দ্র মোদির সঙ্গে ১৫ মিনিটের সৌজন্য সাক্ষাত করবেন।
পরদিন ৭ জুন বিকাল হোটেল সোনারগায় বিরোধীদলীয় নেতাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন মোদী।
ঢাকা সফরে দু দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়া ঢাকায় রাম মন্দির পরিদর্শনসহ ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে মোদীর।
Ctgbarta24.com 24 hours Online News Paper