ডিজিটাল অপরাধ দমনে সরকার নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সাইবার অপরাধ বেড়েছে। এ অপরাধ দমন করতে হলে নতুন আইনের বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘তথ্য প্রযুক্তি আইন ২০০৬’ এর সংশোধনের লক্ষ্যে ‘আর্টিকেল ১৯’ আয়োজিত গোলটেবিল আলোচনা পরিচালনা করেন সংগঠনটির বাংলাদেশ এ্যান্ড সাউথ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শিরিন আখতার, হোসনে আরা বেগম দিলারা, রুস্তম আলী ফরায়েজী, আইসিটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, আর্টিকেল ১৯ এর নির্বাহী পরিচালক থমাস হুগস, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জিআই খান পান্না, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া, আইন কমিশনের সদস্য ড. শাহা আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষপটে পুরনো আইন দিয়ে আর চলবে না। ডিজিটাল অপরাধ দমনে নতুন আইন লাগবে। তিনি বলেন, বর্তমান সরকার মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। এ ছাড়াও চলতি বছরের শেষ নাগাদ একটি নতুন এ্যাভিডেন্স এ্যাক্ট প্রণয়ন করতে যাচ্ছে সরকার।
সম্প্রতি যে কয়েকজন ব্লগার খুন হওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ সব ঘটনায় অপরাধীদের ধরা হয়েছে। কাউকেই সরকার ছাড় দিচ্ছে না।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছি। ২০০৮ সালের আগে যেখানে ১০ লাখের কম ইন্টারনেট ব্যবহারকারী ছিল বর্তমানে তা দাঁড়িয়েছে চার কোটি ৫৭ লাখ। প্রায় ৩০ শতাংশ জনগণ ইন্টারনেট ব্যবহার করছে। তিনি আরও বলেন, সাইবার ওয়ার্ল্ড যত বড় হচ্ছে সাইবার সিকিউরিটি ইস্যুটা ততটা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে হচ্ছে। বর্তমানে দেশে মোবাইল, কম্পিউটার বাড়ছে একই সঙ্গে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী। তাই আমাদের সাইবার নিরাপত্তা আইনের অনুপস্থিতির কারণেই মূলত আইসিটি এ্যাক্ট এর ৪৬ এবং ৮৭ ধারা নিয়ে এত আলোচনা করতে হচ্ছে।
দেশে সামগ্রিক আইন ব্যবস্থার ঘাটতি রয়েছে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, কমপক্ষে ১০০ থেকে ১৫০টি আইন পাল্টাতে হবে। কোনো কোনো আইন আছে যা প্রায় ২০০ বছরের পুরনো। এত পুরনো আইন দিয়ে ডিজিটাল বাংলাদেশ হওয়া সম্ভব নয়। এ আইনগুলো দ্রুত পরিবর্তন করতে হবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper