মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
খেলাধুলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা ঃ বিশ্বকাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে পাকিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশ দল। আজাহার আলীর দলকে হোয়াইটওয়াশ করেছিল মাশরাফি বাহিনী। ওয়ানডে সিরিজের সেই সুখকর স্মৃতি ভারতের বিপক্ষেও তিন ম্যাচের ওয়াডে সিরিজে স্বাগতিকদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এ কারণে মহেন্দ্র সিং ধোনির বিপক্ষেও ভালো কিছুর প্রত্যশা করছেন তাসকিন আহমেদ।
মিরপুরের শের-ই বাংলা ক্রিকেটপ স্টেডিয়ামে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা অনুশীলন করেন মাশরাফি-সাকিবরা। পরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাসিকন আহমেদ। ভারতের বিপক্ষে গত বছর জুনে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল স্বাগতিক দলের এই দীর্ঘদেহী ডানহাতি পেসারের। তবে গত বিশ্বকাপ থেকেই বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তাসকিন।
গত বছর জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ২৮ রানে পেয়েছিলেন ৫টি উইকেট। প্রায় এক বছর পর আবারও সেই ভারতের মুখোমুখি বাংলাদেশের তরুণ পেসার। ওই ম্যাচের কথা মনে করিয়ে দিতেই স্মৃতি-কাতর হয়ে পড়েন তাসকিন, ‘ভারতের বিপক্ষে আগের স্মৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তবে মাঠের খেলা একেবারে নতুন করে শুরু করতে চাই। যেটা হয়ে গেছে, সেটা তো চলেই গেছে। তা স্মৃতি হিসেবে থাকবে। এখন আমাদেরকে নতুন করে মাঠে ভালো খেলতে হবে।’
গত বছর জুনে ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছিল দ্বিতীয় সারির ভারতীয় দল। এবার এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পূর্ন শক্তির ভারত। এ বিষয়ে তাসিকেন বলেন, ‘আগের ভারতীয় দল শক্তিশালী ছিলো না, তা অবশ্যই ঠিক আছে। এবার এসেছে পূর্ণ শক্তির দল। এটা যেমন ঠিক, তেমনি আমাদের মাথায় রয়েছে, ভারত বিশ্বের সেরা দলগুলোর একটি। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে তাদের ব্যাটিং দুর্দান্ত। এটা মনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তাদের সামনে আমাদের পেসারদের ভালো বোলিং করতে হবে। ফলাফল পেতে চাইলে ভালো বোলিংয়ের কোনো বিকল্প নেই।’
ভারতের বিপক্ষে ভালো করার জন্য দারুণভাবে মুখিয়ে দীর্ঘদেহী ডানহাতি এ পেসার। গত কয়েক সপ্তাহ ধরে বিশেষ ধরনের অনুশীলনও কওে যাচ্ছেন তিনি। সেটাই জানালেন সংবাদ সম্মেলনে, ‘আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছি। দুই সপ্তাহ আগেও সপ্তাহে ১২০টি বল করতাম। এখন অনেক বেশি করছি। অথ্যাৎ, এখন করছি ১৬০টা করে বল। জিমও অনেক বেশি কওে যাচ্ছি। এ কারণেই আমি আশাবাদী, ভারতের বিপক্ষে এবার আরও ভালো বোলিং করতে পারব।’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে আম্পয়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে এবার ভারতে বিপক্ষে দুর্দান্ত এক সিরিজের প্রত্যাশা করছেন তাসকিন, ‘যদিও আমরা বিশ্বকাপে ভালো করতে পারিনি। তবে এবার হয়তো পারবো। কারণ আমাদের দল আগের চেয়ে শক্তিশালী। সবাই বেশ ভালো ফর্মে রয়েছে। একই সঙ্গে তারা ভালোও খেলছে। তাই আমরা যদি আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, আশা করি খুব ভালো কিছু হবে।’
Ctgbarta24.com 24 hours Online News Paper
