বুধবার, ১৭ জুন, ২০১৫
আর,করিম, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ পবিত্র রমজান মাসে বিক্রির অপেক্ষায় থাকা মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার কার্টন খেজুর ও কিসমিসসহ একটি গুদাম সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশ কর্তৃক চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন বাটালি রোড থেকে প্রথমে চার হাজার কার্টন মেয়াদোত্তীর্ণ খেজুর উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে আরো প্রায় ১৬ হাজার কার্টন মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিসমিস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত খেজুর ও কিসমিসের ওজন প্রায় দুইশ টন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার কার্টন খেজুর এবং ১৪ হাজার ৬৫ কার্টন কিসমিস রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট আশরাফুল আলম জানান, নগরীর বাটালি রোড এলাকায় এক কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিসমিস মজুদ থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে মধ্যপ্রাচ্য থেকে কমপক্ষে এক বছর আগে আমদানি করা কয়েক হাজার কার্টন খেজুর ও কিসমিস পাওয়া গেছে।
এসব মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিসমিস পবিত্র রমজান মাসে বাজারে ছাড়ার অপেক্ষায় ছিলো অসাধু ব্যবসায়ীরা। কোল্ড স্টোরেজে কিছু মেয়াদ থাকা খেজুরের কার্টনও পাওয়া গেছে এগুলো প্রকৃত মালিকতে ফেরত দেওয়া হবে। আর মেয়াদোত্তীর্ণ খেজুরের মজুদকারী আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত সংবাদমাধ্যমকে জানান, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রীয় একটি সংঘবদ্ধ চক্র মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ খেজুর রমজানে বাজারে বিক্রির প্রস্তুতি নিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দলটি বাটালি রোডের একটি গুদামে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হলে সম্মিলিত অভিযানে প্রায় ২০ হাজার কার্টন খেজুর ও কিসমিস জব্দ করে পুরো গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
