ব্রেকিং নিউজ

বিদ্বেষমূলক পোস্ট ও ছবিতে লাইক-শেয়ার অপরাধ গণ্য হবে

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম ।। 

file

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা সময় নানা বিদ্বেষমূলক ছবি ও পোস্টে লাইক দেন কিংবা তা শেয়ার করেন। কিন্তু এখন থেকে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদ্বেষমূলক ছবি ও পোস্টে লাইক দিলে বা শেয়ার করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। তবে কাউকে ট্যাগ করা কোনো পোস্ট ওই ব্যক্তির অজান্তে শেয়ার করা হলে তা অপরাধ বলে বিবেচনা করা হবে না।’ ইন্টারনেট ব্যবহারকারীদের এ ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাতে ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে পল্টন থেকে এস এম সাখাওয়াত হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর ডিবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ডিবির এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, সাম্প্রদায়িক উসকানির অভিযোগে দেশে ১০ থেকে ১২টি পোর্টাল গোয়েন্দাদের নজরদারিতে আছে। গ্রেপ্তার হওয়া সাখাওয়াত নামে ওই যুবক ফেসবুকে ধর্মীয় বিদ্বেষপ্রসূত প্রচার চালিয়ে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছিল। তিনি ইসলামিক নিউজ ২৪ নামের একটি কথিত অনলাইন পত্রিকার সম্পাদক। তার বিরুদ্ধে পল্টন থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়েছে। বাংলাট্রিবিউন

About admin