পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জন্য বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, মাহে রমজান পবিত্র মাস। সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হয়।
তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্যদিয়ে আল্লাহ নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মুমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসা সহ সবে ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
এতিম-আলেমদের সাথে খালেদা জিয়ার ইফতার শুক্রবার
এতিম ও আলেমদের সাথে নিয়ে আগামীকাল শুক্রবার প্রথম রোজায় ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনে অবস্থিত লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বছরের ন্যায় এবারো রাজনৈতিক নেতা, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতা ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
– See more at: https://www.dailynayadiganta.com/detail/news/31511#sthash.Z0lRF9q2.dpuf
Ctgbarta24.com 24 hours Online News Paper