শনিবার ০৮ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে এ দেশে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সারাদেশে শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর সহ ধর্মিণী। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়।
মহীয়সী এই নারীর ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার রাজনীতির হাতেখড়ি, মা বেগম মুজিবের হাতে। শেখ হাসিনা বলেন, নেপথ্যে থেকেও তার মা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর।
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেশের কয়েক জায়গায় শিশু নির্যাতনের প্রসঙ্গ। বলেন এসব ঘটনা তাকে মনে করিয়ে দেয় শিশু শেখ রাসেলের কথা। ১৫ আগস্টের নির্মমতার হাত থেকে রেহাই পায়নি তার শিশু ভাইটিও।
তিনি বলেন, যারা শিশু নির্যাতন করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এসব করলে কেউই রেহাই পাবে না।
বিশ্ব জুড়ে ধর্মীয় উগ্রবাদীদের মানুষ হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper