ব্রেকিং নিউজ

হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর শাস্তি

বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম

PM-Hasina

ঢাকা ঃ হজ যাত্রীদের সঙ্গে প্রতারণাকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, হজ যাত্রীদের সঙ্গে কেউ যেন প্রতারণা করতে না পারে সরকার সে ব্যবস্থা নিয়েছে। কেউ হজ প্রতারণা করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আশকোনা হজক্যাম্পে হজ্জযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ কার্যক্রম ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী হজে গিয়ে হাজিদের দেশ, দেশের মানুষ ও নিজের জন্য দোয়া করতে বলেন।

শেখ হাসিনা বলেন, পবিত্র জায়গায় যাচ্ছেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার হাত দিয়ে দেশের মানুষের কল্যাণ করতে পারি। দোয়া করবেন যে গুরু দায়িত্ব আমি পেয়েছি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

‘বিশেষ করে দেশের মানুষের জন্য দোয়া করবেন এদেশের মানুষ যেন শান্তিতে থাকে, সুখে থাকে। মানুষকে যেন অশান্তির আগুনে পুড়তে না হয়।’

সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই ইসলামের সেবা করেছে।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, মাদকসহ কোনো অপরাধের স্থান নেই। তারপরও এসব ঘটনা ঘটে। সরকার মানুষকে এসব বিষয়ে সচেতন করার কাজ করছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

অতীতে ধর্ম নিয়ে রাজনীতি করা হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

চলতি বছরের শুরুতে বিএনপি-জামায়াতের আন্দোলনের সহিংসতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মুসলমান হয়ে মুসলমানদের পুড়িয়ে মেরেছে বিএনপি-জামায়াত।

সরকার গঠনের পর থেকে হজ যাত্রীদের সব সমস্যা সমাধানের আন্তরিক চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

হজ কার্যক্রম সহজ ও ডিজিটালাইড করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হজ কার্যক্রম আরও সহজতর করা হবে।

সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৌদি সরকার হাজিদের জন্য অনেক সুযোগ-সুবিধা করে দিয়েছে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংসদ সদস্য সাহারা খাতুন, বজলুল হক হারুন, বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফের্য়ার্স ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

About admin