শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা ঃ প্রবৃদ্ধির হারে বিশ্বে ৫ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর প্রকাশিত তথ্যের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর নিশ্চিত করেছে। আর প্রবৃদ্ধির হারে বাংলাদেশের এই অবস্থানকে আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রবৃদ্ধির হারের তালিকার শীর্ষস্থানে আছে ভারত। এরপরেই আছে কাতার ও চীন। আর চতুর্থস্থানে থাকা ফিলিপাইনের পরেই আছে বাংলাদেশ। বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬.৩ শতাংশ। এরপরে যথাক্রমে আছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আফ্রিকার নাইজেরিয়ার প্রবৃদ্ধির হারও মালয়েশিয়ার সমান। তালিকার শেষস্থানটি এঙ্গোলার।
প্রবৃদ্ধির হারে বাংলাদেশের এই অবস্থানকে আশাব্যঞ্জক বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রিয়.কমকে তিনি বলেন, ‘তালিকায় দেখা যাচ্ছে শীর্ষস্থানীয় দেশগুলোর কাছাকাছিই বাংলাদেশের অবস্থান। সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই তালিকার মাধ্যমে অন্তত এতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে।’
শুধু এই তালিকার উপর নির্ভর করে কি দেশের অর্থনৈতিক অগ্রগতি পরিমাপ করা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধারবাহিকভাবে প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে থাকা খুবই ইতিবাচক। উন্নয়নশীল দেশগলোর মধ্যে ভারত ও ফিলিপাইনের পরেই বাংলাদেশের অবস্থান। ‘বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে যে দেশের অগ্রগতি সম্ভব সেটা এই হার থেকে স্পষ্ট।’ মন্তব্য তার।
রাজনৈতিক সহিংসতা, তৈরি পোশাক খাতের অস্থিরতাসহ অন্যান্য অভ্যন্তরীণ সমস্যা না থাকলে এই হার আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে আইএমএফ-এর বরাতে মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) শীর্ষস্থানে থাকা ১০টি দেশের তালিকাও প্রকাশ করেছে সিএনএন। তালিকায় বরাবরের মতোই বিশ্বে শীর্ষ জিডিপি যুক্তরাষ্ট্রের।
Ctgbarta24.com 24 hours Online News Paper

