সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম : জুনিয়র চেম্বার চিটাগাং এর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, ‘ভবিষ্যতের সুন্দর দেশ ও সমাজ গঠনে শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ প্রয়োজন। জুনিয়র চেম্বার চিটাগাং শিশুদের সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষে চেম্বারের রয়েছে বিস্তারিত পরিকল্পনা। জুনিয়র চেম্বার শুধু শহরের গন্ডিতে সীমাবদ্ধ থাকবে না, যার প্রমাণ আজকের এই অনুষ্ঠান।’
শুক্রবার বিকেলে জুনিয়র চেম্বার চিটাগাং এর উদ্যোগে মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও কনসার্টের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেন, ‘শিশুরা নিরাপদ শৈশব পেলে সুস্থ জাতি গড়ে উঠবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সরকার শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামুলক করেছে। সব শিশু যাতে বিদ্যালয়ে যায় সেজন্য সবাইকে সহযোগীতা করতে হবে। একজন শিশু যদি তার পূর্ণ অধিকার পায় তাহলে সে কখনো খারাপ পথে যাবে না।’
জুনিয়র চেম্বার চিটাগাংয়ের ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য ধন্যাবাদ জানিয়ে তিনি বলেন, ‘সমাজে আমাদের শিশুরা অনিরাপদ। আজো শিশু অধিকার সম্বন্ধে আমরা সচেতন নই। জুনিয়র চেম্বার শুধু মাত্র শহরের কেন্দ্রিক না হয়ে, তাদের কাজের ক্ষেত্র হিসেবে গ্রামকে বেছে নেয়ায় অশেষ ধন্যবাদ।’
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘বাংলাদেশের তরুন সমাজের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে তার উপর গুরুত্বারোপ করতে হবে। সাথে সাথে, তরুন সমাজকে শিশুদের অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে।’
জুনিয়র চেম্বার চিটাগাং এর নির্বাহী সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চট্টগ্রামের মেয়রের গত ছয় মাসের কার্যক্রমের প্রশংসা করেন এবং নগর পরিকল্পার সকল উন্নয়নমূলক ও সামাজিক কর্মকান্ডের সাথে জুনিয়র চেম্বার চট্টগ্রামকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন, মিরসরাই পৌরসভা মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান ও জুনিয়র চেম্বার চট্টগ্রামের নির্বাহী ও সাধারন সদস্যবৃন্দ।
সিটিজিবার্তা২৪ডটকম/প্রেরি/এম এম

