সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
খেলা ডেস্ক : এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান আজ শনিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশক পরাজিত করে ভারত। কিন্তু অপরদিকে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে এবারের এশিয়া কাপে প্রথমবারের মত মাঠে নামবে আফ্রিদির পাকিস্তান।
দু’ দলই প্রস্তুত ক্রিকেট মহারণের জন্য। প্রস্তুত সারা বিশ্ব মিডিয়া ও ক্রিকেটপ্রেমীরা। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে প্রস্তুত মিরপুরের হোম অফ ক্রিকেট। ঢাকার বাতাসে বইছে পাক-ভারত ক্রিকেট যুদ্ধের উত্তেজনা।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট সমর্থকদের আগ্রহের কমতি নেই। শুক্রবার সকালে ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় টিকেট ছাড়ার এক ঘণ্টা নাগাদ সব টিকেট বিক্রি হয়ে যায়।
ম্যাচের আগে দুই দেশের খেলোয়াড়রাই সাংবাদিকদের সাথে কথা বলেন। ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানছেন। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাঁটিয়ে দলে ফেরা ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেখে খুশি হয়েছেন বলে জানায় বিরাট।
অপর দিকে পাকিস্তানের শোয়েব মালিক বলেন, ‘পাক-ভারত ম্যাচ দুই দেশের মানুষই যথেষ্ট উপভোগ করে এবং তারা চায় যে তাদের দল জয়লাভ করুক। ক্রিকেটাররাও চায় জিততে এবং তারা মাঠে তাদের সেরাটি দিবে ম্যাচ জয়ের জন্য।’
ফর্মের বিবেচনায় পাকিস্তানের চেয়ে ভারত যথেষ্ট এগিয়ে। শেষ পাঁচ টি২০ ম্যাচে মাত্র একটি হার ধোনি বাহিনীর ।কিছুদিন আগে অজিদের নিজেদের মাটিতে পরাজিত করে ভিরাটরা। এশিয়া কাপের প্রথম ম্যাচে কঠিন পিচে স্বাগতিক বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন ভারত।
অপরদিকে শেষ পাঁচ টি২০ ম্যাচে তিনটিতে জয় পেলেও শেষ দুই ম্যাচে বাজে ভাবে হারে আফ্রিদিরা। যদিও কিছুদিন আগে পাকিস্তানী খেলোয়াড়রা পিএসএল খেলে ঢাকায় এসেছেন।
পাকিস্তান দলে অনেকদিন পর ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মাদ সামি। ইনজুরি কাঁটিয়ে উঠেছেন মোহাম্মাদ ইরফানও। ফিরেছেন ইনফর্ম মোহাম্মাদ আমির। সাতে আছেন নিয়মিত ফাস্ট বোলার ওহাব রিয়াজ। মিরপুরের পিচ ও কন্ডিশন বিচারে চার পেসার দেখা যেতে পারে পাকিস্তান দলে।
অপরদিকে শক্তিশালী টপ অর্ডার নিয়ে অনেকটা নির্ভার ভারতীয় ক্যাম্প। প্রথম ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক সিংয়ের বিধ্বংসী ব্যাটিং ও আগ্রাসী বোলিং সবার নজরকাড়ে। ধোনি হয়তো হার্দিককে ব্যাটিং সময় দিবে পাকিস্তানের বিপক্ষে। বোলিং আক্রমনে আছেন আর আশ্বিন ও অভিজ্ঞ আশিস নেহরা।
সব কিছু মিলিয়ে আজ শনিবার ভারত-পাকিস্তান যুদ্ধ দেখতে অপেক্ষায় এখন সারাবিশ্ব । বর্তমান ফর্ম বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানী ফাস্ট বোলাররা ছেড়ে কথা বলবে না। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কে শেষ হাঁসি হাসে সেটাই এখন দেখার অপেক্ষা।

