মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
সিটিজওবার্তা২৪ডটকম
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। আগের ম্যাচে সহজেই বান্দরবান জেলা দলকে উড়িয়ে দেওয়ার পর গতকাল আরো সহজে হারিয়েছে রাঙামাটি জেলা দলকে। চট্টগ্রাম জেলা দলের ইনজামামের অল রাউন্ড নৈপূন্যের সুবাধে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
মঙ্গলবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল ১৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রাঙামাটি জেলা দলকে। টসে হেরে ব্যাট করেতে নামা চট্টগ্রাম শুরুটা ভাল করতে পারেনি। দলের প্রথম তিন ব্যাটসম্যানের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেনি। ৬ রান করে আউট হয়েছে যথাক্রমে আরমান, কপিল এবং রুবেল। এরপর ইমরুল করিম আর সাব্বির মিলে চেষ্টা করেন প্রতিরোধ গড়তে। কিন্তু তারাও বেশিদুর এগুতে পারেনি। দলকে ৯৮ রানে রেখে ফিরেন দুজনই। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা চট্টগ্রামকে এরপর টেনে নেন ইনজামাম এবং নাঈম। এ দুজন ৮৭ রান যোগ করে দলকে একটি ভাল সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত ২০৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ইনজামামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৯ রান। তার ৫৩ বলের ইনিংসটিতে ৬টি চার এবং একটি ছক্কার মার রয়েছে। আর নাইমের ব্যাট থেকে আসে ৩৬ রান। তার ৬১ বলের ইনিংসটিতে ২টি চারের মার ছিল।
রাঙ্গামাটি জেলা দলের পক্ষে ৩টি উইকেট নেন মোবারক। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শফিউল, প্রমেশ, ভাস্কর, ইমরান এবং রাজিব।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই দুই উইকেট হারায় রাঙামাটি। প্রথম আঘাতটা হানেন ইনজামাম। এরপর কামরুল-ইমরুলদের বোলিং তোপের মুখে পড়ে কোমর সোজা করে দাড়াতে পারেনি রাঙামাটি জেলা দলের ব্যাটসম্যানরা। ফলে ৩০.৫ ওভারে মাত্র ৬৪ রান করে অল আউট হয়ে যায় রাঙামাটি।
দলের পক্ষে দুজন মাত্র ব্যাটনসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন ৩৫ বলে ৪টি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৯ রান করা ওসমান এবং ১৩ রান করা সাদেক। বাকিরা সবাই এক অংকের ঘরেই বন্দী ছিলেন। চট্টগ্রামের পক্ষে ১২ রানে ৩টি উইকেট নিয়েছেন কামরুল। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইমরুল এবং ইনজামাম। একটি করে উইকেট নিয়েছেন রনি এবং নাইম।
এদিকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচে চাঁদপুর জেলা দল ২ উইকেটে হারিয়েছে ফেনি জেলা দলকে।
টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৯৩ রান করে অল আউট হয়ে যায় ফেনি জেলা দল। দলের পক্ষে ৬৪ রান করেন তৌহিদুল ইসলাম। এছাড়া শফিকুল ২৯, অনিক ১৯ এবং ইশতিয়াক করেন ১৮ রান। চাঁদপুর জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন জিসান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সাইফুল এবং তৌহিদুল।
জবাবে ব্যাট করতে নেমে চাঁদপুর জেলা দল ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে ৪৪ রান করে সাদ্দাম। এছাড়া মেহেদী ২৮, মোশারফ ৩৬ এবং হানিফ করেন ২১ রান। ফেনি জেলা দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তৌহিদুল, সেন্টু এবং ইমরান।

