একনেকে অনুমোদন
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
দোহাজারী হতে কক্সবাজার পর্যন্ত রেলপথ অবশেষে হতে যাচ্ছে। আগামী তিন বছরের মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এ ছাড়া ট্রান্স এশিয়া রেলপথের সঙ্গে সংযুক্ত হতে মিয়ানমার সীমান্ত গুমধুম পর্যন্তও রেলপথ তৈরি হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত ১৮ হাজার ৩৪ কোটি টাকার ‘দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে গুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে পুরো প্রকল্পটি শেষ হবে।
একনেক সভায় এই প্রকল্পটিসহ ১৮ হাজার ৬৫৭ কোটি টাকার মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

