তামিমের ‘আবাহনীকে’ মাশরাফির চ্যালেঞ্জ

ctgbarta24.com
Share

খেলাবার্তাডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬

তামিমের 'আবাহনীকে' মাশরাফির চ্যালেঞ্জ

মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে আড্ডায় মেতে উঠেছেন তামিম, মাশরাফি, তাসকিন, রাজ্জাক।

মিরপুর একাডেমি মাঠে বিকেলে অনুশীলন শেষে দু’জনকে পাওয়া গেল আড্ডার মেজাজে। মাশরাফিকে ঘিরে এ রকম আড্ডা প্রায় প্রতিদিনই হয় মিরপুরে। কাল যোগ হলেন তামিমও। আর তাতে এ দুজনের অজান্তেই সৃষ্টি হলো একটা ব্যতিক্রমী পরিস্থিতি।

প্রিমিয়ার লিগের ম্যাচের আগের দিন দুই প্রতিদ্বন্দ্বী অধিনায়কের যেখানে দুই মেরুতে থাকার কথা, সেখানে তাঁরাই কিনা এক ছাদের নিচে! সেই আড্ডাই এক পর্যায়ে গড়াল সংবাদ সম্মেলনে। তামিম যখন সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন পাশে দাঁড়ানো মাশরাফি বিন মুর্তজা। একপর্যায়ে সাংবাদিক হিসেবে আবির্ভূত হলেন কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক। ‘আমার দুটি প্রশ্ন আছে’ বলে তামিমের কাছে জানতে চাইলেন, ‘আপনি কি আবাহনীর অধিনায়ক?’ তামিমের জবাব, ‘হ্যাঁ,

গতকাল (বুধবার) আমাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।’ উত্তর পেয়ে মাশরাফির আরেক প্রশ্ন, ‘অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন আপনি?’ এবার যেন একটু কুশলী তামিম, ‘কালকের ম্যাচের পর বুঝতে পারব কতটা উপভোগ করছি। সত্যি বলতে কী, এটাতে এখনও স্থিতি আসেনি। অধিনায়কত্ব বিষয়ে এখনও অনেক কিছু শিখতে হবে। খুব বেশি অধিনায়কত্ব করিনি তো!’ আজ ফতুল্লায় প্রিমিয়ার লীগের প্রথম দিনে আবাহনীর তামিমের পরীক্ষা নেবেন কলাবাগান ক্রীড়াচক্রের মাশরাফি।

প্রথম দিনে আরও দুই ম্যাচে মিরপুরে চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ প্রিমিয়ার লীগে নবাগত গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে সিসিএস। তবে ক্রিকেটপ্রেমীদের নজরটা থাকবে ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে।

কাগজে-কলমে আবাহনী এবার বেশ এগিয়ে। ওপেনিং জুটিটা তো এখন সবার সেরা। দুরন্ত ফর্মে থাকা তামিম ইকবালের সঙ্গে আছেন লিটন দাস। মিডল অর্ডারে অবশ্য একটু অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান। বছর পাঁচেক পর হয়তো তারা দু’জনই হবেন দেশের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু এ মুহূর্তে তো তারা একেবারেরই নবাগত। মোসাদ্দেক ক’বছর ধরে আবাহনীতে খেললেও শান্ত মাত্র অনূর্ধ্ব-১৯ দল থেকে এসেছেন। তবে এ দুর্বলতা ঢাকতে ভারত থেকে উড়িয়ে এনেছে উইকেটকিপার ব্যাটসম্যান উদয় কলকে। তাসকিন, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, জুবায়ের লিখনদের নিয়ে গড়া বোলিং আক্রমণটা কিন্তু বেশ শক্তিশালী।

তামিমের বিশ্বাস, এ দল নিয়ে ভালো কিছু অবশ্যই হবে। আর তরুণদের প্রতি সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানালেন তামিম, ‘আমার কাছে মনে হয়, এই একটা টুর্নামেন্ট, যেখানে প্রত্যেক খেলোয়াড় ভীষণ সিরিয়াস থাকে। এখানে অনেক কিছু আছে, এই টুর্নামেন্টের পারফরম্যান্স সবচেয়ে বেশি ধর্তব্যের মধ্যে নেওয়া হয়। দ্বিতীয়ত, এখানে আর্থিকভাবে সবাই লাভবান হয়। জাতীয় দলে যারা যাওয়া-আসার মধ্যে থাকে, এই টুর্নামেন্টে পারফর্ম করে তারা ফিরতে পারে। তাই সুযোগটা সবার কাজে লাগানো উচিত।’

তবে আবাহনীতে যে একটা চাপ নিয়ে খেলতে হয় সেটাও অস্বীকার করেননি তামিম। এর উল্টো পিঠ আছে বলেও মনে করেন তিনি, ‘বিশাল সমর্থক গোষ্ঠীর কারণেই আবাহনীর হয়ে খেলাটা কিন্তু একটা চাপও। তবে আবাহনীর হয়ে সেঞ্চুরি করা এবং অন্য দলের পক্ষে সেঞ্চুরি করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবাহনীর হয়ে ভালো করলে সবার কাছে অনেক বড় বার্তা যাবে। সবাই ভাববে, এ ছেলে চাপের মুখে পারফর্ম করতে জানে।’ তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষে কলাবাগান শক্তিতে তাদের চেয়ে অনেক পিছিয়ে।

তবে তামিম বিশ্বাস করেন, একজন মানুষ একটি দলকে বদলে দিতে পারে। তার ইঙ্গিতটা যে মাশরাফির প্রতি, সেটা বুঝতে মোটেও মাথা খাটাতে হয় না। মাশরাফি কীভাবে দলকে উজ্জীবিত করতে পারেন, সেটা জাতীয় দলে খুব কাছ থেকেই দেখেন তামিম।

কলাবাগান অধিনায়ক মাশরাফি অবশ্য এখনই বড় কোনো কথা বলতে রাজি নন। চ্যালেঞ্জটা তিনি মাঠে জিততে চান, ‘আবাহনী-মোহামেডানের লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের এখন আপাতত চিন্তা সুপার লীগ নিশ্চিত করা।’ আজকের ম্যাচ নিয়ে তার সরল বিশ্লেষণ, ‘ম্যাচটা একতরফাও হয়ে যেতে পারে। আবার আমরা ভালো খেললে খুব দুর্দান্ত একটা ম্যাচ হবে।’ তাই বলে মাশরাফির মুখে এমন কথা!

যে মানুষটি কি-না গড়পড়তা একটি দলকেও দিতে পারেন দুরন্ত চেহারা। ভেতরে ভেতরে যে বিষয়টা আছে, সেটা অবশ্য একটু পরই বেরিয়ে এলো, ‘তারা আমাকে অনেক আশা করেই দলে নিয়েছে। অনেকে তো নেয়নি। তাই আমার একটা দায়িত্ব আছে। আমি চাইছি, একটা ভালো কিছু করতে।’ মাশরাফির এ দায়িত্ববোধই আজ আবাহনীর চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তাসকিন মাঠে ফিরেই উইকেট শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ তাসকিন আহমেদ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আজ ফতুল্লায় মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হয় তামিম...
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৫-১৬ লগো ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্র...
বিশ্ব কিংবদন্তী বুবকার সাথে মুস্তাফিজের তুলনা... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ মুস্তাফিজুর রহমান ও সের্গেই বুবকা চলতি আইপিএলে অন্যতম আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। ম...
ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার ঠিক পেছনে রিয়াল... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬ রিয়ালের মাঠে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভিয়ারিয়াল। চতুর্থ স্থানে থাকা দলটিকে ...
তামিম ইকবাল ডিপিএলে আবাহনীর অধিনায়ক খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬ আবাহনী লিমিটেড এর এবারের অধিনায়ক তামিম ইকবালক জার্সি উন্মোচনে নিজের জার্সিটি আবাহনী ক্লাবে...



Leave a Reply