নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

ছবিতে দেখা যাচ্ছে: খুলশী থানা (সাধারণ পোশাক পরিহিত) ওসি’র সঙ্গে হেঁটে যাচ্ছেন কাউন্সিলর এফ কবির আহমেদ মানিকসহ স্থানীয় আ’লীগের কয়েকজন নেতাকর্মী।
চট্টগ্রাম: নগরীর লালখান বাজার ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছেন চট্টগ্রাম খুলশী থানার ওসি মো.নিজাম উদ্দিন। এসময় এক মাদক বিক্রেতা ‘হাতকাটা পাপ্পু’কে আটক করা হয়।
গতকাল বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় লালখান বাজারের মতিঝর্ণা, পোড়াকলোনি, কুসুমবাগ এবং গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এ অভিযান চালায় পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযানে ৩০ জন সদস্য অংশ নেন।
এছাড়া লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর এফ কবির আহমদ মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান, শাহজাহান কোম্পানী, আওয়ামী তরুণ প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান হীরা, প্রজন্ম একাত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সাঈদুল আলম সুমন, যুবনেতা আনোয়ার, আলমগীর, মোর্শেদ, ওয়াসিম, রাজু, রুবেল ও মুক্তার।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নিজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, অভিযানে শুক্কুর আলী ওরফে হাতকাটা পাপ্পু নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।
