বুকের ব্যাথায়
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৩ মে ২০১৬
চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বুকে ব্যাথা অনুভব করায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার (১১ মে) সন্ধ্যায় রনিকে ভর্তি করা হয় চমেক হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ ওয়ার্ডে। রনি বর্তমানে ওই ওয়ার্ডের সিসিইউ’র ১২ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিরুল ইসলাম জানান, বুকে ব্যথা অনুভব করায় রনিকে বুধবার সন্ধ্যায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। কিছুদিন আগেও হার্টে সমস্যা দেখা দেওয়ায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছাত্রলীগ নেতা রনিকে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া একটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রনির পাহারায় আছেন দুজন কারারক্ষী। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি (রনি) গত বুধবার সন্ধ্যা থেকে এ ওয়ার্ডে ভর্তি আছেন। বেলা ১টা ২০ মিনিটে রনিকে দেখতে আসেন ডা. মো. ইব্রাহিম। তাকে (রনি) দেখতে দলে দলে ১২ নম্বর ওয়ার্ডের সিসিইউতে ঢুকছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৭ মে দুপুরে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিকে আটক করে বিজিবি সদস্যরা।
পরে রাত দশটার দিকে ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ দুই বছরের কারাদণ্ড দিলে রনিকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পরের দিন সকাল দশটার দিকে রনিকে কারাগারে পাঠায় হাটহাজারী থানা পুলিশ।
তথ্যসূত্র-সুপ্রভাত বাংলাদেশ

