‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ প্রতিবেদন চূড়ান্ত

সিটিজিবার্তা২৪.কম ।।

‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ প্রতিবেদন চূড়ান্ত

ছবি ঃ কক্সবাজার

চট্টগ্রাম : পরিকল্পিত আধুনিক নগরায়নের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ-সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’-এর প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

গতোকাল রোববার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। সূত্র- এনটিভি

এর আগে গত বছরের শেষ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। এই কর্তৃপক্ষের সদস্য হবেন ১৫ জন। এঁদের চারজন হবেন পূর্ণকালীন, আর ১১ জন খণ্ডকালীন। একজন চেয়ারম্যানের নেতৃত্বে পূর্ণকালীন সদস্যদের মধ্যে একজন প্রশাসন ও অর্থ, একজন প্রকৌশল এবং একজন পরিকল্পনা বিভাগ দেখবেন। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, কক্সবাজার শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা।

সদস্য হিসেবে আরো থাকবেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান, কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও কক্সবাজার পৌরসভার মেয়র। এ ছাড়া তিনজন বিশিষ্ট নাগরিকও কর্তৃপক্ষের খণ্ডকালীন সদস্য হিসেবে থাকবেন। যার মধ্যে একজন হবেন নারী। একটি পরিকল্পিত পর্যটননগরী গড়ে তোলার জন্য এই কর্তৃপক্ষ দেখেশুনে অনুমতি দেবে, অনুমতি দেওয়ার পর তারা অনুমতি বাতিলও করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটননগরী কক্সবাজার এরই মধ্যে আন্তর্জাতিকভাবে বহুল পরিচিতি লাভ করেছে। একটি আধুনিক ও উন্নতমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজারের আবাসন, হোটেল, মোটেল, রাস্তাসহ অন্যান্য সব নাগরিক ও পর্যটন সুবিধা পরিকল্পিতভাবে বৃদ্ধি করা প্রয়োজন।

এ ছাড়া কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও কক্সবাজারকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক ও মো. আবু জাহির এতে অংশ নেন। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।




Leave a Reply