আদালতে গ্রহণ, পিবিআইকে তদন্তের নির্দেশ
সিটিজিবার্তা২৪.কম ।।
চট্টগ্রাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে করা হাজার কোটি টাকার মানহানির অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন চট্টগ্রামের একটি আদালত। একই সাথে অভিযোগ আমলে নিয়ে পুুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দিয়েছেন।
এরআগে গত ৪ ফেব্রুয়ারি ওই আদালতের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লু। তবে ওইসময়ে আদালত মামলাটি নথিভূক্ত করলেও কোনো আদেশ না দিয়ে বাদির মামলা করার এখতিয়ার আছে কিনা সেটি খতিয়ে দেখার কথা বলেছিলেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ জানান, গত ৪ ফেব্রুয়ারি সাংসদ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে হাজার কোটি টাকার মানহানির অভিযোগে যে মামলাটি দায়ের করেছিলেন বাদি সেটি আদালত নথিভূক্ত করেছিলেন। ওই দিন আদেশ না দিলেও তিন দিনপর আদালত অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইয়ের সহকারি পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা দিয়ে তদন্ত করে ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি চট্টগ্রামের একটি আদালতে সাংসদ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উপ পুলিশ কমিশনার মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেন।
এদিকে রোবাবর সংবাদ সম্মেলন করে নিজেদের নিয়োজিত প্রির্ন্টাস প্রতিষ্ঠানের ডিজাইনার কবির হোসেন ও চেম্বারের কর্মকর্তা রাজীব দাশের কাঁদে দায় দিয়ে নিজকে নির্দোষ দাবি করেছেন সাংসদ লতিফ। এছাড়া গতকাল নগর আওয়ামী লীগের একাংশের বিরুদ্ধে করা ষড়যন্ত্র তত্ত্বও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। গতকাল রাতে ‘লতিফের তদারকিতেই সেই ফেস্টুন’ শিরোনামের সংবাদ প্রকাশের মাধ্যমে সব বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি রহস্য উদঘাটন হয়। বাংলামেইল


