সিটিজিবার্তা২৪.কম ।।
চট্টগ্রাম : এসএ গেমসের সাঁতার ইভেন্টে ১০ বছর ধরে চলা সোনার পদকের খরা দূর করলেন চবি ছাত্রী মাহফুজা আক্তার শীলা। চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬তম ব্যাচের এই ছাত্রী মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের পক্ষে এই সাঁতারে সোনা জিতেছেন। শীলা চবিতে ২০০৯/১০ শিক্ষাবর্ষে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিলেন।
ভারতের গুয়াহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিততে মাহফুজা সময় নিয়েছেন ১ মিনিট ২০ সেকেন্ড। এক আসর পর সাঁতার থেকে আবারও সোনা জিতল বাংলাদেশ। গতবার দেশের মাটিতে ২০১০ হওয়া এস এ গেমসের পদক তালিকায় দ্বিতীয় স্থানে নাম লেখালেও সাঁতার থেকে কোনো সোনা জিততে পারেনি বাংলাদেশ।
এদিকে ছেলেদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ১৭.৯৫ সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের মাহফিজুর রহমান। এ ইভেন্টে ১৫ ৫৫ ৩৪ সময় নিয়ে ভারতের স্বজন প্রকাশ স্বর্ণ এবং একই দেশের সাংভেকার রুপা জেতেন। মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রেকো ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমানা আখতার। স্বর্ণ পেয়েছে পাকিস্তান আর রুপা জিতেছে শ্রীলঙ্কা। ব্রেস্ট স্ট্রেকো ছেলেদের ইভেন্টে ২০০ মিটারেও ব্রোঞ্জ বাংলাদেশের মোহাম্মদ শরিফুল ইসলামের। এর আগে দিনের প্রথম স্বর্ণ এনে দেন ভারোত্তলক মাবিয়া আক্তার। নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে মোট ১৪৯ কেজি তুলে স্বর্ণ জেতেন মাবিয়া। ম্যাক্সিমাম ৮২ জার্কে এই পদক জেতেন তিনি। এই ইভেন্টে রুপা পান লঙ্কান আয়েশা ধর্মসেনা আর ব্রোঞ্জ পান নেপালের জুন মায়া।
২০০৬ সালে সর্বশেষ সাঁতার থেকে সোনার পদক পেয়েছিল বাংলাদেশ। এসএ গেমসের গত ১১ আসর মিলিয়ে বাংলাদেশের জেতা ৬৩টি সোনার পদকের মধ্যে ১৫টিই এসেছিল সাঁতার থেকে। ২০১০ সালের আসরে নিজেদের পুলে ৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ সাঁতারুরা।



One thought on “সাঁতারে সোনা জিতলেন চবি ছাত্রী মাহফুজা”